শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর বেইলি রোডের নীলিমা ইব্রাহিম মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তার হাতে পদক তুলে দেওয়া হয়। থিয়েটার (তোপখানা)-এর আয়োজনে এবারই প্রথম দেওয়া হলো এই পদক। প্রথম আসরে পূর্ণিমাসহ সংস্কৃতি অঙ্গনের সাতজন শিল্পীকে সম্মানিত করা হয়েছে।
পুরস্কার পেয়ে পূর্ণিমা বলেন, প্রথমবারের আয়োজনে একজন চলচ্চিত্রশিল্পী হিসেবে নির্বাচিত হওয়া তার জন্য আনন্দ, আবেগ ও গর্বের বিষয়। দীর্ঘ শিল্পীজীবনে এই সম্মাননা বিশেষ জায়গা করে নেবে বলেও মনে করেন তিনি। একজন শিল্পীকে তার কাজের জন্য মূল্যায়ন এবং শিল্পসত্তাকে সম্মান জানানোই বড় প্রাপ্তি বলে উল্লেখ করেন অভিনেত্রী। রোববার (২৯ নভেম্বর) নিজের ফেসবুক ফ্যানপেজে দেওয়া পোস্টেও তিনি আয়োজক ও সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
অনুষ্ঠানে পূর্ণিমা বলেন, ‘আমি যখন ৮-৯ বছর বয়সে ছিলাম, তখন ঢাকা নান্দনিকে আমার বড় বোন মঞ্চনাটক করতেন, আমার দুলাভাই রফিকুল্লাহ সেলিম ভাই নাটক করতেন। সেই সুবাদে আমি মঞ্চে এসে ঘুরঘুর করতাম, সব দেখতাম। সুতরাং মঞ্চ আমার কাছে একেবারে অচেনা নয়।’ তবে মঞ্চের সঙ্গে পরিচয় থাকলেও অভিনয়জীবনে কখনও মঞ্চনাটকে কাজ করা হয়নি তার; তাই চলচ্চিত্রে অভিনয়ের জন্য থিয়েটার অঙ্গনের এই স্বীকৃতি তার ক্যারিয়ারে নতুন সংযোজন।
প্রথমবারের এই আয়োজনে পূর্ণিমার পাশাপাশি সম্মাননা পেয়েছেন অভিনেত্রী আফসানা মিমি, অভিনেতা নাদের চৌধুরী, শহীদুজ্জামান সেলিম, সালাহউদ্দিন লাভলু, শহীদুল আলম সাচ্চু ও শাহেদ শরীফ খান।
স্বাধীনতার পর বাংলাদেশের নিজস্ব সাংস্কৃতিক পরিচয় নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা নাট্যব্যক্তিত্ব আবদুল্লাহ আল মামুনের স্মৃতি ও কর্মকে সম্মান জানাতেই এই পদকের আয়োজন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম। এছাড়া সাংস্কৃতিক সংগঠক সৈয়দা ফাতিমা সালাম, নারী উদ্যোক্তা কনা রেজা, গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাধারণ সম্পাদক কামাল বায়েজিদ এবং বাচসাস সভাপতি আবদুর রহমানসহ সংস্কৃতি অঙ্গনের বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।




