প্রতিবেদন অনুযায়ী, পণ্য কেনাবেচা ছাড়াই ঋণ সৃষ্টি, একই পণ্যের বিপরীতে বারবার মুনাফা, পুরোনো ঋণ সমন্বয়ে নতুন ঋণ বিতরণ এবং সুদভিত্তিক আর্থিক প্রতিষ্ঠানে বিনিয়োগ করেছে ব্যাংকটি। এমনকি গ্রাহকের নামে ভুয়া বা অসম্পূর্ণ কাগজপত্র তৈরি করে বিনিয়োগ দেখানো হয়েছে। ব্যাংকের প্রধান কার্যালয়, ঢাকা প্রধান শাখা ও সিলেট শাখায় এসব অনিয়ম হয়েছে। প্রতিবেদনে এসব অনিয়মের বিরুদ্ধে তিন মাসের মধ্যে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।
ব্যাংকটির বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর একটি হলো সুদভিত্তিক আর্থিক প্রতিষ্ঠানে সরাসরি বিনিয়োগ। শাহজালাল ইসলামী ব্যাংক বাংলাদেশ ফাইন্যান্স, বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট, আইআইডিএফসি, ফিনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস এবং ইউনিয়ন ক্যাপিটালে মোট ১০০ কোটি ৬৭ লাখ টাকা বিনিয়োগ করেছে; প্রতিষ্ঠানগুলোর আয়ের প্রধান উৎস সুদ। প্রতিবেদনে বলা হয়, শরিয়াহভিত্তিক ব্যাংকের পক্ষে সুদভিত্তিক প্রতিষ্ঠানের সঙ্গে এ ধরনের লেনদেনের সুযোগ নেই; এসব প্রতিষ্ঠান থেকে পাওয়া সুদ ক্ষতিপূরণ খাতে স্থানান্তর করতে হবে। এছাড়া ২০২৫ সালে ১১টি সুদভিত্তিক প্রতিষ্ঠানের মাধ্যমে কৃষিঋণ কার্যক্রম পরিচালনা করেছে ব্যাংকটি; এ খাত থেকে পাওয়া ১ কোটি ৮৫ লাখ টাকা ক্ষতিপূরণ খাতে স্থানান্তরের সুপারিশ করেছে বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ হলো, ব্যাংকটির বিনিয়োগ কার্যক্রমে ইসলামী ব্যাংকিংয়ের মৌলিক শর্ত যথাযথভাবে অনুসরণ করা হয়নি। পণ্য কেনাবেচা, মালিকানা হস্তান্তর ও ঝুঁকি গ্রহণ ইসলামী ব্যাংকিংয়ের গুরুত্বপূর্ণ শর্ত হলেও ব্যাংকটি এসব পালন না করে কাগজপত্রের মাধ্যমে বিনিয়োগ কার্যক্রম পরিচালনা করেছে। পরিদর্শক দল বলেছে, ব্যাংকটির অভ্যন্তরীণ শরিয়াহ পরিদর্শনেও অনিয়মগুলো যথাযথভাবে উঠে আসেনি।
জানতে চাইলে শাহজালাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোসলেহ উদ্দিন আহমেদ শনিবার যুগান্তরকে বলেন, ‘শরিয়াহ নিয়ে দেশে সুনির্দিষ্ট কোনো আইন নেই। ২৫ বছর পর্যন্ত ফতোয়ার ওপর চলছে। বাংলাদেশ ব্যাংক আমাদের বলেছে কোন কোন ক্ষেত্রে শরিয়াহ লঙ্ঘন হয়েছে। যেসব জায়গায় লঙ্ঘনের কথা বলেছে, তা আমরা কারেকশন করে নিয়েছি।’
তিনি বলেন, ‘ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানে বিনিয়োগকে তারা শরিয়াহবিরোধী বলছে। কিন্তু একসময় এসব প্রতিষ্ঠানে বিনিয়োগের কথা বলা হয়েছিল। ২৫ বছর পর এখন যদি বাংলাদেশ ব্যাংক বলে এটি শরিয়াহবিরোধী, তাহলে আমরা আর করব না।’ তিনি আরও বলেন, পুনঃতফসিল বা পুনঃবিনিয়োগ পলিসি সাপোর্ট মেনে করা হয়েছে; পলিসি সাপোর্ট দেওয়ার সময় বাংলাদেশ ব্যাংক চিঠিতে যেভাবে লিখে দিয়েছে, সেভাবেই করা হয়েছে।




