শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত মেলার সমাপনী অনুষ্ঠানে আইটি বিটসের পক্ষে পুরস্কার গ্রহণ করেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী এরিকা আফরিন বুশরা।
পুরস্কারপ্রাপ্তির পর প্রতিষ্ঠানটি তাদের উদ্ভাবিত পারিবারিক স্বাস্থ্যযত্ন ব্যবস্থাপনার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘সাইকেল সার্কেল’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু করে। প্ল্যাটফর্মটির মূল ভাবনায় রয়েছে মা ও মেয়ের দৈনন্দিন স্বাস্থ্যসচেতনতা এবং পারিবারিক স্বাস্থ্য ব্যবস্থাপনা।
মেলায় প্রতিষ্ঠানটির স্টলে দর্শনার্থীদের কাছ থেকে পাওয়া অভিজ্ঞতা ও পরামর্শকে ইতিবাচক হিসেবে দেখছে আইটি বিটস। বিশেষ করে মেয়েদের বয়ঃসন্ধিকালীন প্রস্তুতি, মায়ের স্বাস্থ্যসচেতনতা এবং পারিবারিক পর্যায়ে প্রয়োজনীয় সহযোগিতার বিষয়গুলো নিয়ে দর্শনার্থীদের সঙ্গে মতবিনিময় করেন প্রতিষ্ঠানটির প্রতিনিধিরা।
সাইকেল সার্কেলের মাধ্যমে পরিবারের একাধিক সদস্যের জন্য আলাদা প্রোফাইল তৈরি, মাসিকের তারিখ সংরক্ষণ ও পরবর্তী মাসের সম্ভাব্য সময় সম্পর্কে আগাম ধারণা পাওয়ার সুবিধা রয়েছে। পাশাপাশি মা ও মেয়ের স্কুলের দিনের প্রস্তুতি একসঙ্গে নেওয়া এবং নারীদের স্বাস্থ্যসংক্রান্ত বিভিন্ন তথ্য সংরক্ষণের সুযোগও রয়েছে প্ল্যাটফর্মটিতে।
আইটি বিটসের প্রধান নির্বাহী এরিকা আফরিন বুশরা বলেন, মেয়েরা স্কুলে যাওয়ার আগেই যেন মায়ের সঙ্গে প্রয়োজনীয় বিষয়গুলো নিয়ে কথা বলার সুযোগ পায়, সে লক্ষ্যেই তারা কাজ করছেন। নিজের ব্যাগে প্রয়োজনীয় সামগ্রী আছে কি না, কিংবা প্রয়োজনে কার কাছে সাহায্য চাইতে হবে — এ ধরনের বিষয়েও সচেতনতা তৈরিতে ভূমিকা রাখবে সাইকেল সার্কেল। প্রযুক্তির মাধ্যমে পারিবারিক স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং মা ও মেয়ের মধ্যে প্রয়োজনীয় যোগাযোগ ও প্রস্তুতির সুযোগ তৈরিতে সাইকেল সার্কেল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা প্রতিষ্ঠানটির।




