একই সময়ে নৌ শুমারিতে ইঞ্জিনচালিত নৌকার সংখ্যা ১৩ হাজার দেখানো হলেও প্রকৃত সংখ্যা ছিল ২ লাখ ৬৭ হাজার বলে অভিযোগ করেছেন তিনি। তার অভিযোগ, আওয়ামী লীগ সরকার পরিসংখ্যানকে উন্নয়নের বয়ান হিসেবে ব্যবহার করেছে।
রোববার (৮ নভেম্বর) জাতীয় পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) অডিটোরিয়ামে জাতীয় পরিসংখ্যান দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিতুমীর।
তিনি বলেন, পরিসংখ্যানকে শুধু পাঠ্যপুস্তকের একটি বিষয় হিসেবে দেখলে হবে না। অতীতে কীভাবে মিথ্যা বলা যায়, তার হাতিয়ার হিসেবেও পরিসংখ্যানকে ব্যবহার করা হয়েছে। বর্তমানে বিশ্বজুড়ে তথ্য ও অপতথ্যের লড়াই চলছে; এমন পরিস্থিতিতে দেশের পরিসংখ্যান ব্যবস্থাকে নির্ভরযোগ্য করা জরুরি।
তিনি বলেন, এ অবস্থার পরিবর্তনে তথ্য সংগ্রহ ও যাচাইয়ের ক্ষেত্রে আধুনিক প্রযুক্তি এবং বিজ্ঞানসম্মত পদ্ধতি অনুসরণ করা হচ্ছে। পরিসংখ্যান ব্যবস্থায় সরকার তিনটি প্রধান সংস্কার উদ্যোগ নিয়েছে—প্রথমত, আন্তর্জাতিক মান অনুসরণ করে মানসম্পন্ন ও বিজ্ঞানভিত্তিক পরিসংখ্যান তৈরি করা; দ্বিতীয়ত, জননীতি প্রণয়ন ও সরকারি সেবা বাস্তবায়নে সঠিক তথ্যের ব্যবহার নিশ্চিত করা; তৃতীয়ত, সাধারণ মানুষ, গবেষক ও শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য পরিসংখ্যান সহজলভ্য করা।
সামাজিক নিরাপত্তা কর্মসূচির বাস্তবায়ন নিয়েও প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা। তিনি বলেন, এসব কর্মসূচিতে প্রকৃত উপকারভোগীরা বাদ পড়েছেন, আবার যাদের পাওয়ার কথা নয়, তারাও সুবিধা পেয়েছেন; এতে রাষ্ট্রের সীমিত সম্পদের অপচয় হয়েছে। এ ধরনের ভুল কমাতে প্রক্সিমিটি টেস্টসহ বিজ্ঞানভিত্তিক পদ্ধতি অনুসরণ করা হচ্ছে।




