অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন, মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মোহাম্মদ আব্দুল্লাহ এবং সংরক্ষিত মহিলা আসন-৩২৮-এর সংসদ সদস্য মমতাজ আলো। এ ছাড়া সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
মুন্সীগঞ্জ (হাসাড়া)-কুন্ডেরবাজার-শ্রীনগর (ছনবাড়ি) জেলা মহাসড়কের (জেড-৮০০৪) ষষ্ঠ কিলোমিটারে ইছামতি নদীর ওপর অবস্থিত পুরোনো, জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ বেইলি সেতুর পরিবর্তে আধুনিক ও টেকসই কুন্ডেরবাজার সেতুটি নির্মাণ করা হচ্ছে। সড়ক ও জনপথ অধিদপ্তরের বাস্তবায়নাধীন ‘জরাজীর্ণ, অপ্রশস্ত ও গুরুত্বপূর্ণ পয়েন্টে বিদ্যমান বেইলি সেতু এবং আরসিসি সেতু প্রতিস্থাপন প্রকল্প (ঢাকা জোন)’-এর আওতায় এ সেতু নির্মাণ করা হবে।
সম্পূর্ণ সরকারি অর্থায়নে (জিওবি) বাস্তবায়নাধীন এ সেতু নির্মাণে ব্যয় নির্ধারণ করা হয়েছে ৬৮ কোটি ৩৮ লাখ ৫০ হাজার টাকা। প্রস্তাবিত প্যাকেজের মেয়াদ জুন ২০২৬ থেকে ডিসেম্বর ২০২৭ পর্যন্ত। স্টিল কম্পোজিট কাঠামোর সেতুটির মোট দৈর্ঘ্য ১৫১.৯০ মিটার এবং প্রস্থ ১০.৩০ মিটার। দুই লেনবিশিষ্ট এ সেতুর পাশাপাশি ৬০০ মিটার সংযোগ সড়ক নির্মাণের পরিকল্পনা রয়েছে।
সেতুটি নির্মিত হলে মুন্সীগঞ্জ, টঙ্গিবাড়ী ও সিরাজদীখান উপজেলাসহ আশপাশের এলাকার মানুষের যাতায়াত আরও নিরাপদ, সহজ ও নির্বিঘ্ন হবে। পণ্য পরিবহনে সময় ও ব্যয় সাশ্রয় হবে এবং রাজধানী ঢাকাসহ দেশের অন্যান্য অঞ্চলের সঙ্গে এ এলাকার যোগাযোগব্যবস্থা আরও সহজ হবে।
মুন্সীগঞ্জসহ আশপাশের এলাকায় উৎপাদিত আলু, ধান, গম, সরিষা ও মৌসুমি শাকসবজিসহ বিভিন্ন কৃষিপণ্য পরিবহনের ক্ষেত্রে সড়কটির বিশেষ গুরুত্ব রয়েছে। নতুন সেতু নির্মাণের ফলে কৃষিপণ্য ও বাণিজ্যিক পণ্য পরিবহন সহজতর হবে; পাশাপাশি স্থানীয় কৃষি, ব্যবসা-বাণিজ্য এবং সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণে ইতিবাচক ভূমিকা রাখবে।




