রোববার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) অডিটোরিয়ামে বিবিএস দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমির খসরু বলেন, সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ হচ্ছে তথ্য বা ডেটা। নির্ভরযোগ্য তথ্য ছাড়া কোনো সরকারের পক্ষে সঠিক পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন সম্ভব নয়। এ কারণে পরিসংখ্যানের নির্ভরযোগ্যতা, স্বচ্ছতা, সহজলভ্যতা ও পরিমাপযোগ্যতা নিশ্চিত করতে সরকার গুরুত্ব দিচ্ছে।
তিনি বলেন, বিবিএসকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হচ্ছে। প্রতিষ্ঠানটির কার্যক্রম এগিয়ে নিতে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সেগুলোর বাস্তবায়নও চলছে। বিবিএসের জনবলসংকটের বিষয়টিও সরকার বিবেচনায় নিয়েছে; ইতিমধ্যে কিছু জনবল দেওয়া হয়েছে, ভবিষ্যতে আরও দেওয়া হবে।
অর্থ ও পরিকল্পনামন্ত্রী বলেন, অর্থনীতির গণতন্ত্রীকরণ ছাড়া রাজনৈতিক গণতন্ত্রীকরণ কার্যকর হবে না। এ জন্য পরিসংখ্যান ব্যুরোর কার্যক্রম আরও গণমুখী করতে হবে। তথ্যের বিশ্বাসযোগ্যতা, নির্ভরযোগ্যতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে, যাতে জনগণের মনে কোনো ধরনের সন্দেহ তৈরি না হয়।
তিনি আরও বলেন, তথ্যের উন্মুক্ততা বাড়াতে হবে। যত বেশি তথ্য উন্মুক্ত করা হবে, তত বেশি মানুষের মতামত ও প্রতিক্রিয়া পাওয়া যাবে। এতে কোথায় ভুল হচ্ছে, তা চিহ্নিত করে প্রয়োজনীয় সংশোধনের সুযোগ তৈরি হবে। গবেষক, নীতিনির্ধারক ও সাধারণ মানুষ—সবার জন্য তথ্য ব্যবহারের সুযোগ নিশ্চিত করতে হবে।
ডিজিটাল অবকাঠামো ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, তথ্যের কার্যকর ব্যবহার নিশ্চিত করতে ডিজিটাল অবকাঠামো গড়ে তোলা জরুরি। আগামী দিনে সরকার ও নাগরিকদের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে ডিজিটাল অবকাঠামো এবং এআই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।




