মন্ত্রী বলেন, বর্তমান সরকার দেশের সব অঞ্চলে ভারসাম্যপূর্ণ উন্নয়ন নিশ্চিত করা এবং টেকসই কর্মসংস্থান সৃষ্টি ও দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্যে নানাবিধ উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। তবে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় প্রত্যক্ষভাবে কর্মসংস্থান সৃষ্টির কোনো কর্মসূচি বাস্তবায়ন করছে না। বেকারত্ব দূরীকরণে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রশিক্ষণ, ঋণ বা আর্থিক সহায়তা প্রদানের জন্য বিএমইটি, যুব উন্নয়ন অধিদপ্তর, সমাজসেবা অধিদপ্তরসহ সরকারের একাধিক মন্ত্রণালয় ও প্রতিষ্ঠান বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে।
মন্ত্রী আরও বলেন, সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে স্থানীয় পর্যায়ে চাকরিপ্রত্যাশী ও নিয়োগদাতা প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সংযোগ স্থাপন, কর্মসংস্থানসংক্রান্ত তথ্য সরবরাহ এবং উপযুক্ত প্রার্থীর সঙ্গে শূন্য পদের মিল করার ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ গঠনের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে; এর ফলে কর্মসংস্থান ব্যবস্থা আরও স্বচ্ছ, মেধাভিত্তিক, ন্যায্য ও বিকেন্দ্রীকৃত হবে।


