শিল্পমন্ত্রী বলেন, এ শিল্পে উদ্যোক্তার সংখ্যা ও প্রতিষ্ঠানের পরিধি এখনো সীমিত। ফলে অর্থায়নব্যবস্থা নির্ধারণের ক্ষেত্রে উদ্যোক্তাদের বাস্তব প্রয়োজন ও সক্ষমতাকে গুরুত্ব দিতে হবে। বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে সরাসরি তহবিল বিতরণের পাশাপাশি নির্ধারিত ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমেও অর্থায়নের বিষয়টি বিবেচনা করা যেতে পারে। সহজ অর্থায়নের পাশাপাশি কার্যকর প্রাতিষ্ঠানিক সহায়তা নিশ্চিত করাও জরুরি।
জাহাজ নির্মাণ শিল্পের দীর্ঘমেয়াদি বিকাশে সরকারি ও বেসরকারি খাতের কার্যকর অংশীদারত্ব গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি। শিল্পমন্ত্রী বলেন, বিশ্বব্যাপী বেসরকারি ব্যবস্থাপনাকে অধিক দক্ষ হিসেবে বিবেচনা করা হলেও এ শিল্পের বিকাশের অন্তর্বর্তী সময়ে সুশৃঙ্খল ও জবাবদিহিমূলক প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা প্রয়োজন। সরকারি ব্যবস্থাপনায় আর্থিক শৃঙ্খলা, স্বচ্ছতা ও সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করা সম্ভব।
তিনি আরও বলেন, জাহাজ নির্মাণ শিল্পের লক্ষ্য শুধু তাৎক্ষণিক মুনাফা অর্জনে সীমাবদ্ধ রাখা উচিত নয়। বরং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার সক্ষমতা অর্জন এবং রপ্তানি আয় বাড়ানোর মাধ্যমে এ খাতের বৃহত্তর অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগাতে হবে। এ জন্য নতুন উদ্যোক্তা তৈরি, পরবর্তী প্রজন্মকে শিল্পের সঙ্গে সম্পৃক্ত করা এবং পেশাদার করপোরেট সংস্কৃতি গড়ে তোলার ওপর গুরুত্ব দিতে হবে।
বেসরকারি উদ্যোক্তাদের বিনিয়োগ ও ব্যবসায়িক সক্ষমতা বাড়াতে সরকারি-বেসরকারি খাতের মধ্যে কার্যকর সেতুবন্ধ তৈরির প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন শিল্পমন্ত্রী। তিনি বলেন, সরকারি প্রতিষ্ঠানগুলোর প্রাতিষ্ঠানিক সক্ষমতা ও শৃঙ্খলাকে কাজে লাগিয়ে বেসরকারি খাতের অংশগ্রহণ আরও শক্তিশালী করতে হবে। এ লক্ষ্যে জাহাজ নির্মাণ শিল্পের উদ্যোক্তা ও সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
সভায় শিল্পসচিব আব্দুন নাসের খান, খুলনা শিপইয়ার্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. আব্দুল লতিফ, শিল্প মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাহাজ নির্মাণ শিল্পসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীরা উপস্থিত ছিলেন।




