সুইজারল্যান্ড দূতাবাস ও ওয়াটারএইড বাংলাদেশের সহযোগিতায় চেঞ্জ ইনিশিয়েটিভ আয়োজিত ‘লিভিং ওয়াটারস, শেয়ার্ড রাইটস’ শীর্ষক এই সংলাপে প্রাকৃতিক অধিকারভিত্তিক পানি শাসনব্যবস্থা ও আন্তঃসীমান্ত নদীর সুরক্ষায় জোর দেওয়া হয়। পরিবেশ প্রতিমন্ত্রী বলেন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিতে বাংলাদেশের সুপেয় পানি, খাদ্যনিরাপত্তা ও আবাসন মারাত্মক হুমকির মুখে। এ পরিস্থিতি মোকাবিলায় আন্তর্জাতিক ফোরামে জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোকে সম্মিলিতভাবে নিজেদের দাবি ও অগ্রাধিকার তুলে ধরতে হবে।
সংলাপে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চেঞ্জ ইনিশিয়েটিভের প্রধান নির্বাহী এম. জাকির হোসেন খান। আগামী ১২ ডিসেম্বর গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হওয়ার প্রেক্ষাপট তুলে ধরে তিনি আন্তঃসীমান্ত নদী ব্যবস্থাপনায় কার্যকর সমন্বিত উদ্যোগের তাগিদ দেন। এ ছাড়া জলবায়ু অর্থায়নে ঋণের পরিবর্তে অনুদানভিত্তিক অর্থায়ন বাড়ানোর আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে সংসদ সদস্য মনসুরা আক্তার এবং তুরস্ক, নেপালসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা উপস্থিত থেকে বক্তব্য দেন।


