সোমবার (২৬ অক্টোবর) দেওয়া এক বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, পুলিশের দায়িত্ব হলো পেশাদার তদন্তের মাধ্যমে অপরাধী শনাক্ত করে বিচারের মুখোমুখি করা। এর বিকল্প হিসেবে ক্রসফায়ারকে সামনে আনা প্রাতিষ্ঠানিক দুর্বলতার সমাধান নয়, বরং এটি পেশাগত দেউলিয়া হওয়ার দৃষ্টান্ত। তিনি আরও বলেন, আইজিপি একদিকে সংবিধান মেনে দায়িত্ব পালনের কথা বলছেন, অন্যদিকে সরকারের অনুমতিতে ক্রসফায়ারের কথা বলছেন—যা সাংঘর্ষিক। কোনো সরকারের অনুমতিই বিচারবহির্ভূত হত্যাকে বৈধতা দিতে পারে না।
সিনহা হত্যা, একরামুল হকের মৃত্যু এবং নারায়ণগঞ্জের সাত খুনের মতো অতীত ঘটনাগুলো তুলে ধরে ইফতেখারুজ্জামান বলেন, এসব ঘটনা আইনশৃঙ্খলা বাহিনীর ক্ষমতার অপব্যবহারের ভয়াবহতা প্রমাণ করে। পুলিশ এ থেকে কী শিক্ষা নিয়েছে, সে জবাব আইজিপিকেই দিতে হবে। আইনমন্ত্রীর আগের বক্তব্যের সঙ্গে আইজিপির বক্তব্যের অসংগতি রয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। পাশাপাশি, সাংবাদিকদের ঢালাও সমালোচনা করার অভিযোগটি স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকিস্বরূপ হতে পারে বলে সতর্ক করেছে টিআইবি।


