গত বৃহস্পতিবার রাতে সরাইল থানায় এই জিডি করা হয়। পাশাপাশি ঘটনার সময় এমপির সঙ্গে থানায় যাওয়া ব্যক্তিদের তালিকাও তৈরি করা হচ্ছে।
এমপির কর্মী-সমর্থকদের দাবি, বেশ কিছুদিন ধরে ওসি এমপি রুমিন ফারহানার ফোন ধরছিলেন না এবং এমপির চাহিদামতো নিরাপত্তাও দেননি। এর পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার সন্ধ্যায় নেতা-কর্মীদের নিয়ে সরাইল থানায় ওসির কক্ষে যান রুমিন ফারহানা। এ সময় ওসির সঙ্গে তাঁর উত্তপ্ত বাক্যবিনিময় হয়, যার কয়েকটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
জিডির বিষয়টি নিশ্চিত করে ওসি মঞ্জুর কাদের ভূঁইয়া জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে এমপি রুমিন ফারহানা বলেন, ওসির বিরুদ্ধে থাকা নানা অভিযোগের তালিকা নিয়ে তিনি থানায় গিয়েছিলেন, কিন্তু ওসি কোনো সদুত্তর দিতে পারেননি। এ ঘটনায় পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ওসির বিরুদ্ধে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন এমপির ব্যক্তিগত সহকারী।


