মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে পঞ্চগড়ের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক মোশারফ হোসেন তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এদিন মামলায় তার কোনো সরাসরি শুনানি হয়নি। তাকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে কি না, তা এখনো জানা যায়নি।
এর আগে ভোরে পঞ্চগড় সদর উপজেলার কাজীপাড়ার বাড়ি থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) আশীষ কুমার শীল গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে অংশ নিয়ে নিখোঁজ হন রিকশাচালক আল আমিন। পরে তাঁর বাবা মনু মিয়া ১০ সেপ্টেম্বর পঞ্চগড় সদর থানায় গুম ও হত্যার অভিযোগে মুক্তাসহ ১৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১৫০ জনকে আসামি করে মামলা করেন।
পুলিশ জানিয়েছে, মুক্তার বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানে আল আমিনকে গুম ও হত্যার মামলা ছাড়াও বিএনপি কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগসহ মোট ১২টি মামলা রয়েছে।



