শনিবার (৪ জুলাই) বাংলাদেশ সময় ভোর ৪টায় মায়ামি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেললেও প্রথমার্ধে মাত্র একটি গোলের দেখা পায় আর্জেন্টিনা।
ম্যাচের ২৯তম মিনিটে লিসান্দ্রো মার্টিনেজের উঁচু করে বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে নিখুঁত শটে জালে পাঠান লিওনেল মেসি। এই গোলের মাধ্যমে বিশ্বকাপ ইতিহাসে ২০ গোলের মাইলফলক স্পর্শ করা প্রথম ফুটবলার হন তিনি। একই সঙ্গে চলতি আসরে নিজের গোলসংখ্যা বাড়িয়ে সাতে নেন।
এক গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় লিওনেল স্কালোনির দল। তবে দ্বিতীয়ার্ধের ৫৯তম মিনিটে দেরয় দুয়ার্তের দুর্দান্ত গোলে সমতায় ফেরে কেপ ভার্দে। বক্সের কোণ থেকে নেওয়া তার শক্তিশালী শটে কোনো সুযোগই পাননি আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ।
নির্ধারিত ৯০ মিনিট ১-১ সমতায় শেষ হলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ের শুরুতেই আবারও এগিয়ে যায় আর্জেন্টিনা। কর্নার থেকে আসা বলে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের হেড ঘুরে গেলে ফাঁকায় থাকা লিয়ান্দ্রো মার্টিনেজ জোরালো বাঁ-পায়ের শটে দলকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন।
তবে কেপ ভার্দেও হাল ছাড়েনি। ম্যাচের ১০৩তম মিনিটে সিডনি লোপেজ কাবরালের দুর্দান্ত দূরপাল্লার শটে আবারও সমতায় ফেরে আফ্রিকার দলটি। বারের একেবারে ওপরের কোণ ঘেঁষে জালে জড়ানো শটটি ফেরানোর কোনো সুযোগই ছিল না এমিলিয়ানো মার্টিনেজের।
ম্যাচ যখন টাইব্রেকারের দিকে এগোচ্ছিল, তখনই আসে নাটকীয় মোড়। ১১১তম মিনিটে ক্রিস্টিয়ান রোমেরোর হেড প্রতিহত করতে গিয়ে আত্মঘাতী গোল করে বসেন কেপ ভার্দের এক ডিফেন্ডার। শেষ পর্যন্ত ওই গোলই আর্জেন্টিনার জয় নিশ্চিত করে।
এই জয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। শেষ আটে আগামী ৭ জুলাই বাংলাদেশ সময় রাত ১০টায় প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে ওঠা মিসরের মুখোমুখি হবে লিওনেল মেসির দল।