এদিন বেলা ১১টায় শ্রম অধিদপ্তরে সভাটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে ‘অনিবার্য কারণে’ পূর্বনির্ধারিত সভাটি স্থগিত করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। শিগগিরই সভার তারিখ পুনঃনির্ধারণ করে সংশ্লিষ্টদের অবহিত করা হবে বলেও জানানো হয়েছে।
বোর্ডের পূর্বনির্ধারিত নোটিস অনুযায়ী, বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী আয়োজিত এ সভায় সভাপতিত্ব করার কথা ছিল বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানীর। সভার মূল এজেন্ডা ছিল মালিকপক্ষের প্রতিনিধির কাছ থেকে নিম্নতম মজুরি হারের লিখিত প্রস্তাব গ্রহণ এবং সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর মজুরি কাঠামো নিয়ে আলোচনা।
তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের বর্তমান ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা, যা ২০২৩ সালের শেষ প্রান্তিক থেকে কার্যকর হয়েছিল। আগে পাঁচ বছর পরপর মজুরি বোর্ড গঠিত হলেও বর্তমান সরকার শ্রম আইন সংশোধন করে মজুরি পুনর্নির্ধারণের সময়সীমা কমিয়ে তিন বছর করেছে।


