শুক্রবার (৩০ অক্টোবর) সাংবাদিকদের এ তথ্য জানান পিবিআইয়ের ঢাকা মেট্রো উত্তরের অতিরিক্ত ডিআইজি মো. এনায়েত হোসেন মান্নান। তিনি বলেন, তাহসিফ যেদিন রাতে নিখোঁজ হন, সেদিন তাঁর সঙ্গে বন্ধু দ্বীপ ছিলেন। দ্বীপকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। তাঁর দেওয়া প্রতিটি তথ্য তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে।
পিবিআইয়ের এই কর্মকর্তা বলেন, দ্বীপ জানিয়েছেন, তাঁদের সঙ্গে পুলিশের মতো দেখতে দুজন ছিলেন। তাঁদের দেখে তাঁরা দৌড়ে যান। তবে ওই দুজন আসলেই পুলিশ সদস্য ছিলেন কি না, তাঁরা ইউনিফর্ম পরা ছিলেন কি না কিংবা কোনো দায়িত্বে নিয়োজিত ছিলেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
তিনি আরও বলেন, দ্বীপ আগের দিন জানিয়েছিলেন, রাত ১২টার দিকে হাউস বিল্ডিং এলাকা থেকে তাহসিফের সঙ্গে আলাদা হয়ে তাঁরা দুদিকে চলে যান। এরপর তাঁদের মধ্যে আর যোগাযোগ হয়নি। তাহলে রাত ২টার দিকে তাঁরা কেন ওই এলাকায় গিয়েছিলেন এবং গভীর রাতে মোটরসাইকেল নিয়ে সেখানে যাওয়ার কারণ কী, তা তদন্ত করে দেখা হচ্ছে।
দ্বীপের দেওয়া তথ্যের ভিত্তিতে কালো রঙের একটি সুজুকি জিক্সার ১৫০ মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে বলে জানান মো. এনায়েত হোসেন মান্নান। তবে মোটরসাইকেলটি তাহসিফের মৃত্যুর ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এর কাগজপত্র যাচাই করা হচ্ছে।
পিবিআইয়ের এই কর্মকর্তা বলেন, তাহসিফের মৃত্যুর ঘটনায় ছায়া তদন্তের অংশ হিসেবে বিভিন্ন তথ্য সংগ্রহ করা হচ্ছে। যাচাই না করে কোনো তথ্য প্রকাশ করলে বিভ্রান্তি ছড়াতে পারে। তাই প্রতিটি তথ্য নিশ্চিত হওয়ার পরই তা জানানো হবে।
গত ২৭ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যায় ‘দ্বীপ আসছে, ওর সঙ্গে কথা বলে আসি’ বলে মাকে জানিয়ে বাসা থেকে বের হন বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি। এরপর তিনি আর বাসায় ফেরেননি। পরদিন ২৮ অক্টোবর তুরাগ নদ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নৌ-পুলিশের একটি অভ্যন্তরীণ প্রতিবেদন সূত্রে জানা যায়, বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে তুরাগ নদে একটি মরদেহ ভাসতে থাকার খবর দেওয়া হয়। পরে টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, ২৭ অক্টোবর সন্ধ্যা ৬টা ২৪ মিনিটে দ্বীপ মোটরসাইকেল নিয়ে তাহসিফের বাসার নিচের গ্যারেজে আসেন। সেখানে তিনি মোটরসাইকেলে হেলমেট রাখেন এবং পরে নিজের পোশাক দিয়ে চোখ-মুখ মুছতে দেখা যায় তাঁকে। কিছুক্ষণ পর তাহসিফ বাসা থেকে নেমে গ্যারেজে আসেন এবং দ্বীপের সঙ্গে হাত মেলান। সন্ধ্যা ৬টা ৩১ মিনিটে তাঁদের দুটি মোটরসাইকেলে করে সেখান থেকে চলে যেতে দেখা যায়।




