মঙ্গলবার (১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজ ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত যেসব শিক্ষার্থী ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে আহত হয়েছেন, তাদের পরীক্ষা-সংক্রান্ত সব ধরনের ফি মওকুফ করা হয়েছে। তবে সনদ (সার্টিফিকেট) ও ট্রান্সক্রিপ্টের ফি শিক্ষার্থীদের নিজ দায়িত্বে পরিশোধ করতে হবে।
ফি মওকুফের সুবিধা পেতে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের নিজ নিজ কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
জাতীয় বিশ্ববিদ্যালয় জানায়, স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত আহতদের তালিকা পর্যালোচনা করে অধিভুক্ত বিভিন্ন কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ২৬৯ জন আহত শিক্ষার্থীকে শনাক্ত করা হয়েছে।
এসব শিক্ষার্থীর ক্ষেত্রে সনদ ও ট্রান্সক্রিপ্ট ফি ছাড়া পরীক্ষা-সংক্রান্ত অন্যান্য সব ফি মওকুফের জন্য সংশ্লিষ্ট কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।