বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি দলটির রাজনৈতিক ও সাংগঠনিক ভবিষ্যৎ নিয়ে আইনি কাঠামোর মধ্যে চূড়ান্ত ও সুস্পষ্ট নিষ্পত্তির আহ্বান জানান।
আওয়ামী লীগের বর্তমান তৎপরতা ও আইনি অবস্থান নিয়ে প্রশ্ন তুলে এবি জুবায়ের তার পোস্টে বলেন, ‘২০২৪ সালের ২৩ অক্টোবর তৎকালীন অন্তর্বর্তী সরকার বাংলাদেশ ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ ঘোষণা করে। পরবর্তী সময়ে আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের যাবতীয় কার্যক্রমও নিষিদ্ধ করা হয়। কিন্তু প্রশ্ন হলো, শুধু কার্যক্রম নিষিদ্ধ করেই কি আওয়ামী লীগের রাজনৈতিক তৎপরতা পুরোপুরি বন্ধ করা সম্ভব?’
দলটিকে সরাসরি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা না দেওয়ায় গণমাধ্যম ও রাজনৈতিক পরিসরে তারা পুনরায় জায়গা করে নেওয়ার সুযোগ পাচ্ছে বলে মনে করেন এই ছাত্রনেতা। বর্তমান পরিস্থিতির সমালোচনা করে তিনি আরও লেখেন, ‘দলটিকে সরাসরি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা না করায় গণমাধ্যমের বিভিন্ন পরিসর, টকশোসহ নানা জায়গায় তাদের বক্তব্য ও রাজনৈতিক অবস্থান তুলে ধরার সুযোগ থেকে যাচ্ছে। যখন গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন জায়গায় লীগের সন্ত্রাসীরা একের পর এক অগ্নিসন্ত্রাস করে যাচ্ছে, তখন আওয়ামী লীগের সুশীলরা তাদের পক্ষেই কথা বলছে। এমনকি সরকারের তথ্য উপদেষ্টাও আওয়ামী লীগের পক্ষে ন্যারেটিভ দিচ্ছেন। অপরদিকে রুমিন ফারহানা আরও এক ধাপ এগিয়ে আওয়ামী লীগকে নিয়ে সংলাপ করতে বলছেন।’
উল্লেখ্য, এর আগে ২০২৫ সালের মে মাসে তৎকালীন অন্তর্বর্তী সরকার সন্ত্রাসবিরোধী আইন সংশোধন করে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ করেছিল এবং পরবর্তীতে চলতি বছরের (২০২৬) এপ্রিল মাসে জাতীয় সংসদে এ-সংক্রান্ত বিলটি পাস হয়। তবে সাম্প্রতিক সময়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়াসহ দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনায় দলটির বিরুদ্ধে আরও কঠোর আইনি পদক্ষেপের দাবি জোরালো হয়ে উঠেছে।
এ প্রেক্ষাপটে এবি জুবায়ের সুস্পষ্ট আইনি পদক্ষেপের দাবি জানিয়ে বলেন, ‘আওয়ামী লীগকে কেবল কার্যক্রম নিষিদ্ধের আওতায় সীমাবদ্ধ না রেখে সন্ত্রাসবিরোধী আইনের আওতায় সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার সময় হয়েছে। শুধু নিষেধাজ্ঞার ঘোষণা নয়, প্রয়োজন আইনি কাঠামোর মধ্যে বিষয়টির সুস্পষ্ট নিষ্পত্তি। আওয়ামী লীগের রাজনৈতিক ও সাংগঠনিক ভবিষ্যৎ নিয়ে আর কোনো অস্পষ্টতা নয়। আইন অনুযায়ী তদন্ত, বিচারিক প্রক্রিয়া ও যথাযথ প্রমাণের ভিত্তিতে দলটির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে।’ই




