জাতীয়

ডিসেম্বরের মধ্যেই কক্সবাজারের ট্যুরিজম মাস্টারপ্ল্যান চূড়ান্ত: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

রোববার (২৯ নভেম্বর) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে অর্থ বিভাগের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত ‘কক্সবাজারের পর্যটন খাতসহ কক্সবাজার জেলার ভবিষ্যৎ সমন্বিত উন্নয়ন কর্মপরিকল্পনা পর্যালোচনা’ সংক্রান্ত উচ্চপর্যায়ের তৃতীয় সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, ভূমি মন্ত্রী মো. মিজানুর রহমান মিনুসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী, কক্সবাজারের সংসদ সদস্য, সিনিয়র সচিব ও সচিব এবং সামরিক-বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ এবং বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তাদের কারিগরি সহায়তায় মাস্টারপ্ল্যান প্রণয়নের কাজ এগিয়ে চলছে। চকরিয়া, পেকুয়া, কুতুবদিয়া, মহেশখালী, উখিয়া, রামু ও টেকনাফসহ সমগ্র উপকূলীয় এলাকায় পরিবেশের ভারসাম্য রক্ষা করে কীভাবে টেকসই পর্যটন শিল্পের বিকাশ ঘটানো যায়, সে বিষয়ে সভায় বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত হয়েছে।

আরও পড়ুন

পরিবেশ সংরক্ষণ প্রসঙ্গে মন্ত্রী বলেন, পূর্বে যথাযথ জরিপ ছাড়াই কিছু এলাকাকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) হিসেবে ঘোষণা করা হয়েছিল। পরিবেশ আইনের সংশ্লিষ্ট ধারায় প্রয়োজনীয় সংশোধন এনে এবং হাইকোর্টের রায়ের নির্দেশনার সঙ্গে সামঞ্জস্য রেখে এ বিষয়ে পুনর্বিবেচনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেলা প্রশাসনের নেতৃত্বে পরিবেশ মন্ত্রণালয়ের বিদ্যমান তথ্য-উপাত্ত যাচাই করে আগামী কয়েক দিনের মধ্যে বিস্তারিত সারসংক্ষেপ জমা দেওয়া হবে এবং এর ভিত্তিতে এলাকাগুলোর পুনরায় সীমানা নির্ধারণ করা হবে।

বিজ্ঞাপন

মন্ত্রী আরও বলেন, সমুদ্রতীর থেকে পৌর এলাকার মধ্যে ৩০০ মিটার এবং পৌর এলাকার বাইরে ৫০০ মিটার পর্যন্ত কোনো স্থাপনা নির্মাণ করা যাবে না মর্মে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের পূর্ববর্তী প্রজ্ঞাপন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে প্রবাল দ্বীপ সেন্টমার্টিন ও সোনাদিয়াকে ইসিএ হিসেবে মাস্টারপ্ল্যানে অন্তর্ভুক্ত করে সেখানে নতুন করে কোনো স্থাপনা বা অবকাঠামো নির্মাণ সম্পূর্ণ নিষিদ্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে; ওই দ্বীপ দুটিতে কেবল ইকো-ট্যুরিজম বা পরিবেশবান্ধব পার্ক গড়ে তোলার বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

বিজ্ঞাপন

মহেশখালীর মেগা প্রকল্প প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মহেশখালী ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট অথরিটির (মিডা) অধীনে সেখানে পাওয়ার হাব, টার্মিনালসহ বৃহৎ অর্থনৈতিক অবকাঠামো গড়ে উঠছে। উন্নয়নকাজে দ্বৈততা এড়াতে মিডার সঙ্গে নিবিড় সমন্বয় রেখেই মাস্টারপ্ল্যান চূড়ান্ত করা হচ্ছে। এতে দেশি-বিদেশি বিনিয়োগ বাড়বে এবং আরও বেশি পর্যটক কক্সবাজারে আকৃষ্ট হবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে; আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। পদ্মা সেতুসংলগ্ন জাজিরার নাওডোবা এলাকার সংঘর্ষ প্রসঙ্গে তিনি জানান, স্থানীয়দের অন্তর্দ্বন্দ্বের জেরে সংঘর্ষে দুজনের প্রাণহানি ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে; বিষয়টি তদন্তাধীন। বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনী ধৈর্য ও কৌশলের সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে এবং বর্তমানে এলাকার পরিস্থিতি সম্পূর্ণ শান্ত। রাজধানীসহ বিভিন্ন স্থানে নিরাপত্তা জোরদার বাহিনীগুলোর নিয়মিত কার্যক্রমের অংশ উল্লেখ করে তিনি বলেন, কথিত লকডাউনকে কেন্দ্র করে সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা সরকারের নেই।

একই বিভাগের আরও খবর