আন্তর্জাতিক

জ্বালানি সংকটে ভারত থেকে পেট্রল আমদানি শুরু করেছে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬ ১ মিনিটে পড়া যাবে

রয়টার্সের তথ্যমতে, ভারত থেকে অন্তত ৬০ হাজার মেট্রিক টন পেট্রল ইতোমধ্যে রাশিয়ার উদ্দেশে পাঠানো হয়েছে। এছাড়া আরও দুটি ট্যাংকারে ৩০ থেকে ৪০ হাজার টন করে পেট্রল রাশিয়ার পথে রয়েছে।

জ্বালানির ঘাটতি সামাল দিতে রাশিয়া প্রতি মাসে বিভিন্ন উৎস থেকে প্রায় ৪ লাখ টন পেট্রল আমদানির পরিকল্পনাও নিয়েছে।

ইউক্রেনের হামলায় রাশিয়ার কয়েকটি বড় তেল শোধনাগার ক্ষতিগ্রস্ত হওয়ায় দেশটির বিভিন্ন অঞ্চলে পেট্রলের সরবরাহ সংকুচিত হয়েছে। ফলে কোথাও কোথাও নির্ধারিত পরিমাণে জ্বালানি বিক্রি করা হচ্ছে এবং বাজারে পেট্রলের দামও বেড়েছে।

আরও পড়ুন

এ পরিস্থিতিতে বিদেশ থেকে জ্বালানি আমদানির উদ্যোগ নিয়েছে মস্কো। ক্রেমলিন জানিয়েছে, গ্রহণযোগ্য মূল্যে পেট্রল আমদানির জন্য কয়েকটি দেশের সঙ্গে আলোচনা চলছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত রাশিয়া বা ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।

রয়টার্স আরও জানিয়েছে, জুনের প্রথমার্ধে বেলারুশ থেকেও রেলপথে ৭০ হাজার টনের বেশি পেট্রল রাশিয়ায় সরবরাহ করা হয়েছে, যা মে মাসের একই সময়ের তুলনায় প্রায় তিন গুণ বেশি।

অন্যদিকে, এলএসইজি ও ক্লেপারের তথ্য অনুযায়ী, জুন মাসে ভারতের মোট অপরিশোধিত তেল আমদানির অর্ধেকেরও বেশি এসেছে রাশিয়া থেকে। বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারক দেশটি ওই মাসে দৈনিক প্রায় ২৭ লাখ ব্যারেল রুশ অপরিশোধিত তেল আমদানি করেছে।

এদিকে রোববার সরকারি মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্বীকার করেন, ইউক্রেনের ড্রোন হামলায় কয়েকটি তেল শোধনাগার ক্ষতিগ্রস্ত হওয়ায় দেশের কিছু অঞ্চলে জ্বালানির ঘাটতি তৈরি হয়েছে। তবে তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে এবং সংকট মোকাবিলায় কাজ অব্যাহত রয়েছে।

একই বিভাগের আরও খবর