সংসদে অর্থমন্ত্রী জানান, ২০২১ সালে খেলাপি ঋণ ছিল ৯৪ হাজার ৩০৬ কোটি টাকা, যা মোট ঋণের ৭ দশমিক ২৪ শতাংশ। ২০২২ সালে ছিল ১ লাখ ১২ হাজার ৯০১ কোটি টাকা বা ৭.৬৪ শতাংশ। ২০২৩ সালে তা বেড়ে দাঁড়ায় ১ লাখ ৩৫ হাজার ৭১০ কোটি টাকা বা ৮ দশমিক ৩৯ শতাংশ। ২০২৪ সালে খেলাপি ঋণ ছিল ৩ লাখ ৫ হাজার ৭৩ কোটি টাকা, যা মোট ঋণের ১৭.৮৩ শতাংশ। ২০২৫ সালে খেলাপি ঋণ ছিল ৫ লাখ ৪৪ হাজার ৮৩১ কোটি টাকা বা ২৯.৯২ শতাংশ। তিনি বলেন, গত ৫ বছরে ব্যাংক খাতের খেলাপি ঋণের পরিমাণ ২৪ দশমিক ৫৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
ব্যাংক খাতে খেলাপি ঋণ ৫ লাখ ৯৭ হাজার কোটি টাকা: অর্থমন্ত্রী
জামায়াতের আরেক এমপি কামরুল হাসানের একই ধরনের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, ব্যাংক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে বাংলাদেশ ব্যাংক চলতি বছর কয়েকটি গুরুত্বপূর্ণ ও অগ্রাধিকারভিত্তিক পদক্ষেপ নিয়েছে এবং কাঠামোগত সংস্কারের উদ্যোগ নিয়েছে। এসব পদক্ষেপের লক্ষ্য ব্যাংকভিত্তিক খেলাপি ঋণ কমানো, দীর্ঘদিনের অনিষ্পন্ন খেলাপি ঋণ দ্রুত নিষ্পত্তি, ব্যাংকের ব্যালেন্স শিট পরিষ্কার করা এবং ঋণ পুনরুদ্ধার ও সমস্যাগ্রস্ত সম্পদ ব্যবস্থাপনায় কার্যকর প্রাতিষ্ঠানিক ও আইনগত কাঠামো গড়ে তোলা। তিনি বলেন, যেসব ব্যাংকের খেলাপি ঋণের হার ১০ শতাংশের বেশি, সেসব ব্যাংকের পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত আলোচনা ও নিবিড় তদারকি করা হচ্ছে। এসব আলোচনায় খেলাপি ঋণ বৃদ্ধির কারণ, ঋণ আদায়ের প্রতিবন্ধকতা এবং তা দূর করতে ব্যাংকভিত্তিক কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হচ্ছে। পাশাপাশি কর্মপরিকল্পনার অগ্রগতি নিয়মিত পর্যালোচনা করা হবে।