আজ রাজধানীর লেকশোর গ্র্যান্ড হোটেলে আয়োজিত ‘অ্যানুয়াল গ্রিন ডেইরি পার্টনারশিপ সামিট ২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘বাংলাদেশের টেকসই, স্বল্প কার্বন নিঃসরণকারী ও কার্যকর দুগ্ধ খাতের অগ্রযাত্রা’ প্রতিপাদ্যে এ সম্মেলনের আয়োজন করা হয়।
ডেইরি খাতে উৎপাদন বাড়ানোর পাশাপাশি গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমাতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
প্রতিমন্ত্রী বলেন, দেশের অর্থনীতি, গ্রামীণ মানুষের জীবন-জীবিকা ও পুষ্টি নিরাপত্তায় ডেইরি খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বর্তমানে দেশে বছরে প্রায় ১৫৭ দশমিক ৫৩ লাখ মেট্রিক টন দুধ উৎপাদিত হচ্ছে; বিপরীতে জাতীয় চাহিদা ১৬২ দশমিক ৭৯ লাখ মেট্রিক টন। এ ঘাটতি পূরণে শুধু উৎপাদন বাড়ালেই হবে না — উৎপাদনশীলতা বৃদ্ধি, দক্ষ সম্পদ ব্যবস্থাপনা, বাজারব্যবস্থার উন্নয়ন এবং পরিবেশবান্ধব খামার পরিচালনায় গুরুত্ব দিতে হবে।
তিনি বলেন, দেশে প্রায় ১৫ লাখ ক্ষুদ্র খামারি পরিবার দুগ্ধ খামারের মাধ্যমে নিয়মিত আয় করছে। খামার ব্যবস্থাপনায় গ্রামীণ নারীদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। অন্যদিকে তরুণেরা পশুখাদ্য উৎপাদন, কৃত্রিম প্রজনন, দুধ সংগ্রহ ও কৃষি-বাণিজ্যে নতুন সম্ভাবনা তৈরি করছেন। এসব খামারি, নারী ও তরুণ উদ্যোক্তাদের উন্নত প্রযুক্তি, প্রশিক্ষণ, অর্থায়ন এবং বাজারসুবিধা নিশ্চিত করতে হবে।
আরও পড়ুন
পশুখাদ্যের উচ্চমূল্য, কম উৎপাদনশীলতা, অপর্যাপ্ত কোল্ড-চেইন এবং বর্জ্য ব্যবস্থাপনার সীমাবদ্ধতাকে ডেইরি খাতের অন্যতম চ্যালেঞ্জ উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, গোবর থেকে বায়োগ্যাস ও জৈব সার উৎপাদন, সুষম খাদ্য, বিজ্ঞানসম্মত প্রজনন এবং উন্নত খামার ব্যবস্থাপনার মাধ্যমে উৎপাদন বাড়ানোর পাশাপাশি পরিবেশদূষণ কমানো সম্ভব। তিনি আরও বলেন, সরকার টেকসই ডেইরি উন্নয়নে সহায়ক নীতিগত পরিবেশ তৈরিতে কাজ করছে; বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ড আইন, ২০২৩ কার্যকর করা, দুধের মান ও নিরাপত্তা নিশ্চিত করা এবং ভেজাল প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়া এ উদ্যোগের অংশ।
প্রতিমন্ত্রী উন্নয়ন সহযোগী ও গবেষণা প্রতিষ্ঠানগুলোকে প্রাণিসম্পদ অধিদপ্তর এবং বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের সঙ্গে প্রযুক্তি হস্তান্তর ও খামারিদের দক্ষতা উন্নয়নে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে দুগ্ধ প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠানগুলোকে দুধ সংগ্রহ নেটওয়ার্ক সম্প্রসারণ এবং ক্ষুদ্র খামারিদের সঙ্গে অংশীদারত্ব জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার। বিশেষ অতিথি ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো: শাহজামান খান এবং বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. শাকিলা ফারুক। এ ছাড়া সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার কান্ট্রি ম্যানেজার (বাংলাদেশ) সেলিম রেজা হাসানসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, উন্নয়ন সহযোগী, গবেষক ও দুগ্ধশিল্পের সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।