বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, বর্তমান পরিস্থিতি শুধু শ্রমিক-মালিক বিরোধ নয়, এটি শিল্প উৎপাদন, রপ্তানি ও জাতীয় অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ সংকট।
দাবিগুলোর মধ্যে রয়েছে— জীবনযাত্রার প্রকৃত ব্যয়, মূল্যস্ফীতি ও পরিবারের মৌলিক চাহিদা বিবেচনায় ন্যূনতম মজুরি নির্ধারণ করে ২০২৭ সালের জানুয়ারি থেকে কার্যকর করা, গাজীপুরে নিহত শ্রমিক তৌফিক শেখের মৃত্যুর নিরপেক্ষ তদন্ত ও দায়ীদের শাস্তি, আহতদের সুচিকিৎসা ও নিহতের পরিবারকে ক্ষতিপূরণ, ভাঙচুর ও নাশকতায় জড়িতদের আইনের আওতায় আনা, শ্রমিকদের ওপর বলপ্রয়োগ ও হয়রানি বন্ধ, গ্রেপ্তার নিরপরাধ শ্রমিকদের মুক্তি এবং হয়রানিমূলক মামলা প্রত্যাহার।
এছাড়া বন্ধ কারখানা দ্রুত খুলে দেওয়া, বেআইনি ছাঁটাই বন্ধ, বকেয়া বেতন-ভাতা পরিশোধ, শ্রমিকদের জন্য রেশনিং, স্বাস্থ্যসেবা, আবাসন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা এবং নারী শ্রমিকদের নিরাপদ কর্মপরিবেশের দাবি জানানো হয়। সরকার, মালিক ও শ্রমিক প্রতিনিধিদের নিয়ে দ্রুত ত্রিপক্ষীয় সংলাপেরও আহ্বান জানান তিনি।
আরও পড়ুন
গোলাম পরওয়ার শ্রমিকদের ন্যায্য দাবির প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের তীব্র নিন্দা করেন। নবগঠিত মজুরি বোর্ডে সব পক্ষের প্রতিনিধিত্ব না থাকায় এর নিরপেক্ষতা নিয়েও শঙ্কা প্রকাশ করেন তিনি।