নিহত আকিব উপজেলার সাঁড়া ইউনিয়নের মাজদিয়া ইসলামপাড়া গ্রামের আনিসুর রহমানের ছেলে।
ঈশ্বরদীতে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, বালুমহাল দখল নিয়ে বিরোধের তথ্য
পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হওয়ার পর আকিব আর ফেরেননি। বুধবার ভোরে অজ্ঞাত ব্যক্তিরা আহত অবস্থায় তাকে অটোরিকশায় করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে যায়। খবর পেয়ে তার বাবা হাসপাতালে গিয়ে তাকে রাজশাহী নেওয়ার ব্যবস্থা করেন। পথে লালপুর এলাকায় পৌঁছালে আকিবের মৃত্যু হয়।
নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে দাবি করেছেন তার বাবা। তবে কারা এবং কী কারণে তাকে মারধর করেছে, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিচার দাবি করেছেন।
আরও পড়ুন
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান জানান, আকিবের শরীরে অস্ত্রাঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। তবে মারধরের চিহ্ন রয়েছে। মারধরের কারণেই তার মৃত্যু হয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
এদিকে স্থানীয় বিভিন্ন সূত্রের বরাতে জানা গেছে, আকিব ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্যসচিব মেহেদি হাসানের সমর্থক ছিলেন। তিনি মেহেদির শ্যালো ইঞ্জিনচালিত নৌকা চালাতেন।
সাঁড়া ও ইসলামপাড়া ঘাট এলাকায় বালুমহাল দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মেহেদি ও ‘কাকন বাহিনী’র মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ রয়েছে বলেও স্থানীয় সূত্রগুলো জানিয়েছে। এ বিরোধকে কেন্দ্র করে মাঝেমধ্যে গোলাগুলির ঘটনাও ঘটে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই বিরোধের জেরে আকিব হামলার শিকার হতে পারেন। তবে এ বিষয়ে এখনো পুলিশের পক্ষ থেকে কাউকে দায়ী করা হয়নি। ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।