অর্থনীতি

জুলাই-সেপ্টেম্বরে ই-রিটার্ন জমা দিলে মিলবে ৫% কর প্রণোদনা: এনবিআর

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: বুধবার, ২২ জুলাই ২০২৬ ১ মিনিটে পড়া যাবে

বুধবার (২২ জুলাই) এনবিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করসেবা আরও সহজ, দ্রুত ও স্বচ্ছ করতে ২২ জুলাই থেকে ২০২৬-২৭ করবর্ষের ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন দাখিলের সুবিধা চালু করা হয়েছে।

এনবিআরের তথ্য অনুযায়ী, ২০২১ সালে ই-রিটার্ন ব্যবস্থা চালুর পর থেকে এটি করদাতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। ২০২৫-২৬ করবর্ষে রেকর্ড প্রায় ৪৭ লাখ ব্যক্তি করদাতা অনলাইনে সফলভাবে আয়কর রিটার্ন দাখিল করেছেন। ফলে করদাতারা এখন ঘরে বসেই সহজে রিটার্ন প্রস্তুত, জমা এবং প্রয়োজনীয় সনদ সংগ্রহ করতে পারছেন।

আরও পড়ুন

সংস্থাটি জানিয়েছে, বিশেষ আদেশের মাধ্যমে সব সাধারণ ব্যক্তিশ্রেণির করদাতার জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। তবে ৬৫ বছর বা তার বেশি বয়সী প্রবীণ করদাতা, শারীরিকভাবে অক্ষম বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা (প্রয়োজনীয় সনদ সাপেক্ষে), বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিক, মৃত করদাতার প্রতিনিধিরা এবং বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকরা কাগজে (পেপার) রিটার্ন জমা দিতে পারবেন।

এ ছাড়া নিবন্ধনসংক্রান্ত জটিলতার কারণে কেউ ই-রিটার্ন দাখিল করতে না পারলে সংশ্লিষ্ট অতিরিক্ত বা যুগ্ম কর কমিশনারের অনুমোদন নিয়ে পেপার রিটার্ন জমা দেওয়ার সুযোগ থাকবে।

এনবিআর জানায়, www.etaxnbr.gov.bd প্ল্যাটফর্মের মাধ্যমে ব্যাংক ট্রান্সফার, ডেবিট ও ক্রেডিট কার্ড, বিকাশ, নগদ, রকেটসহ বিভিন্ন ডিজিটাল পেমেন্ট সেবার মাধ্যমে ঘরে বসেই কর পরিশোধ করা যাবে। সঠিক তথ্য দিয়ে রিটার্ন জমা দিলে তাৎক্ষণিকভাবে প্রাপ্তিস্বীকারপত্র ও আয়কর সনদও ডাউনলোড করা সম্ভব হবে।

ই-রিটার্ন দাখিলে কোনো সমস্যা হলে সরকারি ছুটির দিন ছাড়া অফিস চলাকালে এনবিআরের কল সেন্টার (০৯৬৪৩৭১৭১৭১) এবং অন্যান্য অনলাইন মাধ্যমে সহায়তা নেওয়া যাবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২০২৬-২৭ করবর্ষ থেকে যারা জুলাই, আগস্ট বা সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দাখিল করবেন, তারা নীট প্রদেয় করের ওপর ৫ শতাংশ হারে প্রণোদনা পাবেন। তবে এই প্রণোদনার সর্বোচ্চ সীমা ২৫ হাজার টাকা। সেপ্টেম্বরের পর রিটার্ন দাখিল করলে এ সুবিধা প্রযোজ্য হবে না। আর ডিসেম্বরের পর রিটার্ন জমা দিলে আইন অনুযায়ী অতিরিক্ত কর পরিশোধ করতে হবে।

সময়সীমার মধ্যেই আয়কর রিটার্ন দাখিল করতে সব করদাতার প্রতি আহ্বান জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড।

একই বিভাগের আরও খবর