জাতীয়

জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: রবিবার, ১২ জুলাই ২০২৬ ১ মিনিটে পড়া যাবে

জাতীয় সংসদের সাবেক স্পিকার ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার দেওয়া এক শোকবার্তায় প্রধানমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার বাংলাদেশের রাজনীতির একজন প্রজ্ঞাবান, অভিজ্ঞ, সৎ ও নিবেদিতপ্রাণ ব্যক্তিত্ব ছিলেন। সুদীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি সততা, প্রজ্ঞা ও দায়িত্ববোধের সঙ্গে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া শিক্ষামন্ত্রী, ভূমি প্রতিমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং গণপূর্ত ও নগর উন্নয়ন প্রতিমন্ত্রীসহ রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বও দক্ষতার সঙ্গে পালন করেছেন।

আরও পড়ুন

তিনি বলেন, গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে সুসংহত করা, সংসদীয় সংস্কৃতির বিকাশ এবং জনকল্যাণমূলক রাষ্ট্র পরিচালনায় ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের অবদান জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, জমির উদ্দিন সরকার আজীবন বাংলাদেশি জাতীয়তাবাদ, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আদর্শে অবিচল ছিলেন। দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, দমন-পীড়ন ও প্রতিকূলতার মধ্যেও তিনি দলের আদর্শ থেকে বিচ্যুত হননি এবং দৃঢ়তার সঙ্গে জাতীয়তাবাদী আদর্শকে সমুন্নত রেখেছেন।

বিগত ১৭ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলন-সংগ্রামে তার ভূমিকার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে তার অবদান বিএনপির ইতিহাসে যেমন স্মরণীয় হয়ে থাকবে, তেমনি দেশের গণতান্ত্রিক অভিযাত্রারও একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে।

শোকবার্তার শেষে প্রধানমন্ত্রী বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে দেশ একজন অভিজ্ঞ রাজনীতিবিদ, দক্ষ সংসদীয় ব্যক্তিত্ব, বিচক্ষণ রাষ্ট্রনায়ক এবং দেশপ্রেমিককে হারিয়েছে। তার আদর্শ, সততা ও কর্মময় জীবন আগামী প্রজন্মের রাজনীতিকদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

প্রধানমন্ত্রী মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহর কাছে তাকে জান্নাতুল ফেরদৌস দান করার প্রার্থনা জানান। একই সঙ্গে তিনি শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়স্বজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

একই বিভাগের আরও খবর