জাতীয়

ডেঙ্গু প্রতিরোধে ডিএসসিসির ‘ক্লিনিং ডে’, অবৈধ দোকানপাট উচ্ছেদ

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

সকালে রাজধানীর দৈনিক বাংলা মোড়ে এ অভিযানের উদ্বোধন করেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান। অভিযানের অংশ হিসেবে বিভিন্ন সড়ক ও ফুটপাতের পাশে গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদ ও মালামাল জব্দ করা হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট এলাকায় মশক নিধন ও বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।

বিজ্ঞাপন

অভিযান চলাকালে সড়ক ও আশপাশের এলাকা পরিষ্কারের পাশাপাশি পথচারী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এ ছাড়া ব্যবসাপ্রতিষ্ঠানের আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক করা হয়।

বিজ্ঞাপন

উদ্বোধনী বক্তব্যে প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান বলেন, ‘গত ১২ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তিন মাসব্যাপী বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমের উদ্বোধন করেন। এরপর থেকে ডিএসসিসির নিয়মিত কার্যক্রম জোরদারের পাশাপাশি প্রতি শনিবার এই বিশেষ অভিযান চালানো হচ্ছে।’

আরও পড়ুন

তিনি উল্লেখ করেন, ‘সবার সম্মিলিত সহযোগিতায় ডেঙ্গু পরিস্থিতি শতভাগ নির্মূল না হলেও বিগত যেকোনো সময়ের তুলনায় এবার ডেঙ্গুতে মৃত্যুর হার নিয়ন্ত্রণে রয়েছে।’

বিজ্ঞাপন

ডিএসসিসি এলাকার বিভিন্ন চ্যালেঞ্জ তুলে ধরে প্রধান নির্বাহী কর্মকর্তা আরো বলেন, ‘দক্ষিণ সিটি করপোরেশন এলাকা অত্যন্ত জনবহুল। এখানকার রাস্তাঘাট ও ভবন অপরিকল্পিতভাবে গড়ে ওঠায় বর্জ্য ব্যবস্থাপনা ও মশক নিয়ন্ত্রণ কার্যক্রম পরিচালনা করা বেশ শ্রমসাধ্য। তবুও প্রশাসকের নেতৃত্বে করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা নগরবাসীর চাহিদা পূরণে নিরলস কাজ করে যাচ্ছেন। ইতোমধ্যে এলাকার নর্দমা ও কালভার্টগুলো পরিষ্কার করা হয়েছে।’

বিজ্ঞাপন

নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘কেউ যেন যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলেন। নগরীকে পরিচ্ছন্ন ও মশামুক্ত রাখতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনেরও অনুরোধ জানান তিনি।

উল্লেখ্য, ডিএসসিসির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের নেতৃত্বে প্রতিটি ওয়ার্ড পর্যায়ে এই ‘ক্লিনিং ডে’ কর্মসূচি পালিত হয়েছে।

একই বিভাগের আরও খবর