গবেষণাটি যৌথভাবে পরিচালনা করেছে আইসিডিডিআরবি এবং যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি। আইসিডিডিআরবির প্রজেক্ট কো-অর্ডিনেটর ডা. মাহবুবুর রহমান জানান, ‘আইসিডিডিআরবি বেশ অনেক দিন ধরেই এ বিষয়ে গবেষণা করছে। গবেষণায় দেখা গেছে, যেসব শিশুর রক্তে আমরা সিসার উপস্থিতি পরীক্ষা করেছি, প্রত্যেক শিশুর রক্তেই সিসা পাওয়া গেছে। সবচেয়ে বেশি ক্ষতিকর বিষয় হলো, গর্ভে থাকা শিশুর মায়ের রক্তে যদি সিসা থাকে, তাহলে সেই সিসা শিশুর শরীরেও প্রবেশ করে। এর ফলে শিশুরা শেষ পর্যন্ত বিশেষ চাহিদাসম্পন্ন শিশুতে পরিণত হতে পারে।’
অ্যালুমিনিয়ামের হাঁড়িপাতিল থেকে খাবারে মিলছে সিসা, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
শুধু পাত্রের উপাদানই নয়, রান্নার উপাদানও বাড়াতে পারে স্বাস্থ্যঝুঁকি। অ্যালুমিনিয়ামের হাঁড়িতে টক বা অ্যাসিডযুক্ত খাবার রান্নার সময় ক্ষতিকর সিসার নিঃসরণ বাড়ে। এ বিষয়ে গবেষক ডা. জেসমিন সুলতানা বলেন, ‘হাঁড়ি-পাতিল কেনার সময় আমরা বেশিরভাগ ক্ষেত্রেই চিন্তা করি না যে, এসব হাঁড়ি-পাতিল থেকেও ক্ষতিকর উপাদান আমাদের খাবারে মিশতে পারে এবং শরীরে প্রবেশ করতে পারে।’
আরও পড়ুন
গবেষক ডা. সানজিদা আদিবা বলেন, ‘আমাদের দেশে যে পরিমাণ অ্যালুমিনিয়াম আমদানি হয়, তা প্রয়োজনীয় পরিমাণের মাত্র এক-তৃতীয়াংশ। আমরা যদি আরও বড় পরিসরে অ্যালুমিনিয়ামের সরবরাহ নিশ্চিত করতে চাই, তাহলে সরকারের সহায়তা ছাড়া তা কখনোই সম্ভব হবে না। অন্তত খাদ্যনিরাপত্তার মান পূরণ করে, এমন ফুড-গ্রেড অ্যালুমিনিয়ামের হাঁড়ি-পাতিল কিংবা স্টিলের পাত্র ব্যবহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ নিপসমের পরিচালক নাসরিন সুলতানা বলেন, ‘আমরা মনে করি, গবেষণার ফলাফল শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ থাকা উচিত নয়। এর সুফল জনগণের ভোগ করা উচিত। এ সমস্যা কমিয়ে আনার ব্যবস্থা করতে হবে।’ বিশেষজ্ঞদের মতে, সবচেয়ে বেশি জরুরি ক্ষতিকর ধাতুমুক্ত হাঁড়ি-পাতিল উৎপাদনে সরকারি নির্দেশনা ও জনসচেতনতা।