জাতীয়

একটি বিধ্বস্ত অর্থনীতিকে ঢেলে সাজানোর কাজ করছে: তথ্যমন্ত্রী

সুপার এডমিন প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬ ১ মিনিটে পড়া যাবে

আজ বৃহস্পতিবার সকালে নিজ নির্বাচনী এলাকা বরিশালের গৌরনদী উপজেলার দক্ষিণ সরিকল মধ্যপাড়া দারুল জান্নাত নূর ঈদগাহ ময়দানে ঈদুল আজহার নামাজ আদায়ের পর মন্ত্রী এ কথা বলেন।

বিজ্ঞাপন

তথ্যমন্ত্রী বলেন, ‘পবিত্র ঈদুল আজহা মুসলিম উম্মাহর জন্য একটি মহান ধর্মীয় উৎসব। এ উৎসবের মাধ্যমে ত্যাগের মহিমা ও আত্মোৎসর্গের শিক্ষা মানুষের সামনে তুলে ধরা হয়। সর্বশক্তিমানের সন্তুষ্টির জন্য মানুষকে কীভাবে সর্বোচ্চ ত্যাগের মানসিকতা ধারণ করতে হয়, প্রতিবছর এ উৎসবের মধ্য দিয়ে সেই মূল্যবোধকেই জাগ্রত করা হয়। ঈদুল আজহা আমাদের সেই শিক্ষা দেয়।’

জহির উদ্দিন স্বপন আরও বলেন, নবনির্বাচিত বিএনপি সরকার একটি বিধ্বস্ত অর্থনীতিকে নতুন করে ঢেলে সাজানোর কাজ করছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে এ চ্যালেঞ্জ মোকাবিলায় তাঁরা পবিত্র ঈদুল আজহার দিনে দেশবাসীর কাছে দোয়া কামনা করেন। তিনি বলেন, ‘ঈদের আনন্দঘন এই দিনে আমরা দেশবাসীর কাছে বিশেষভাবে দোয়া কামনা করি, যেন মহান আল্লাহ আমাদের সবাইকে ঐক্য, ত্যাগ ও সহমর্মিতার চেতনায় উদ্বুদ্ধ করেন। একই সঙ্গে তিনি আমাদের দেশকে উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়ার শক্তি দান করেন।’

আরও পড়ুন

ঈদের জামাত শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করেন দক্ষিণ সরিকল মধ্যপাড়া দারুল জান্নাত নূর জামে মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ আজিজুর রহমান। এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

 

বিজ্ঞাপন

এর আগে বুধবার বিকেলে আগৈলঝাড়া উপজেলা মিলনায়তনে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন তথ্যমন্ত্রী। অনুষ্ঠানে তিনি দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি, সামাজিক শান্তি ও রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য সবার প্রতি আহ্বান জানান।

জহির উদ্দিন স্বপন বলেন, ‘বাংলাদেশে দীর্ঘদিন ধরে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ শান্তিপূর্ণ সহাবস্থানের মধ্য দিয়ে বসবাস করে আসছেন। দেশের সমৃদ্ধি ও অর্থনৈতিক পুনরুদ্ধারের স্বার্থে সব ধর্ম, বর্ণ ও জাতিসত্তার মানুষের শান্তিতে বসবাস করা অত্যন্ত জরুরি।’ তিনি বলেন, ‘একটি মহল কৃত্রিমভাবে সাম্প্রদায়িক বিভাজন সৃষ্টি করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। দেশের উন্নয়ন অগ্রযাত্রা অক্ষুণ্ন রাখতে হলে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে।’

জনপ্রতিনিধি ও সরকারি দায়িত্বে থাকা ব্যক্তিদের জনগণের সেবক হিসেবে কাজ করার আহ্বান জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। জনগণ যে আস্থা ও বিশ্বাস নিয়ে ভোট দিয়ে জনপ্রতিনিধিদের নির্বাচিত করেন, সেই প্রত্যাশা পূরণ করা সবার দায়িত্ব।

অনুষ্ঠানে আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বণিক, উপজেলা বিএনপির আহ্বায়ক শিকদার হাফিজুল ইসলামসহ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

একই বিভাগের আরও খবর