সোমবার (২৪ আগস্ট) রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন জাতীয় দৈনিকের সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকরা অংশ নেন।
গণমাধ্যমের সম্পাদকদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময়
সভায় দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, জাতীয় সমস্যা, জনদুর্ভোগ, জুলাই সনদের ভিত্তিতে অনুষ্ঠিত গণভোটের গণরায় বাস্তবায়ন এবং ভূরাজনৈতিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।
সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, সংসদে ও সংসদের বাইরে প্রধান বিরোধী দল হিসেবে জামায়াতে ইসলামী ও ১১ দল গঠনমূলক ভূমিকা পালন করছে। সরকারের ভালো কাজে সহযোগিতা এবং অন্যায় ও গণবিরোধী কর্মকাণ্ডের বিরোধিতা করার নীতির কথাও সম্পাদকদের সামনে তুলে ধরা হয়েছে।
আরও পড়ুন
তিনি বলেন, জামায়াতের বিরোধিতা হবে নিয়মতান্ত্রিক ও গঠনমূলক। রাজপথে বিরোধী দলের কর্মসূচি থাকলেও দেশের স্থিতিশীলতা যেন নষ্ট না হয়, সে বিষয়ে সম্পাদকরা পরামর্শ দিয়েছেন।
মিয়া গোলাম পরওয়ার আরও অভিযোগ করেন, সংসদে বিরোধীদলীয় এমপিদের উন্নয়ন বরাদ্দ, সংসদে বক্তব্য, আইন প্রণয়ন ও বিভিন্ন নোটিশ গ্রহণের ক্ষেত্রে বৈষম্যের শিকার হতে হচ্ছে। বিদ্যুৎ, তেল-গ্যাস সংকট, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, গণভোটের রায় বাস্তবায়ন এবং প্রবাসীদের অধিকার নিয়েও জামায়াত কাজ করছে বলে জানান তিনি।
তিনি বলেন, গণতন্ত্রের উত্তরণে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে সংসদকে কার্যকর ও গঠনমূলক রাখতে সরকার ও বিরোধী দল উভয়কেই দায়িত্বশীল আচরণ করতে হবে।
সভায় জামায়াতের নায়েবে আমির ও বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহেরসহ দলটির কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।