সারাদেশ

স্ত্রীর আবদার মেটাতে মধ্যরাতে ঘুরতে বেরিয়ে বিপাকে দম্পতি, চোর সন্দেহে আটক, পরে আদালতে প্রেরণ

জেলা প্রতিনিধি প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ১ মিনিটে পড়া যাবে

সোমবার (২৭ জুলাই) দিবাগত রাতে পাবনার ঈশ্বরদী পৌর শহরের উমিরপুর এলাকায় এ ঘটনা ঘটে। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়।

আটক দম্পতি হলেন, ঈশ্বরদী পৌর শহরের শহীদ আমিনপাড়া এলাকার মৃত ইউনুছ শেখের ছেলে রায়হান শেখ (২৫) এবং তার স্ত্রী সুমাইয়া খাতুন (১৮)।

দম্পতির দাবি, সোমবার দিবাগত রাত দেড়টার দিকে সুমাইয়ার ইচ্ছায় তারা নিজস্ব পিকআপ নিয়ে ঘুরতে বের হন। প্রায় এক ঘণ্টা বিভিন্ন এলাকায় ঘোরাঘুরির পর উমিরপুর এলাকায় পৌঁছালে গাড়িটি যান্ত্রিক ত্রুটিতে বিকল হয়ে যায়। তারা সেখানে গাড়ি মেরামতের চেষ্টা করছিলেন।

আরও পড়ুন

এ সময় স্থানীয় বাসিন্দা ফজল মালিথা তাদের দেখে গরুচোর সন্দেহ করেন। পরে আরও কয়েকজনকে ডেকে এনে প্রায় দুই ঘণ্টা দম্পতিকে আটকে রাখা হয়। রায়হানের অভিযোগ, এ সময় স্থানীয় কয়েকজন তাকে মারধরও করেন।

পরে ভোর ৪টার দিকে খবর পেয়ে ঈশ্বরদী আমবাগান পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দম্পতিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

আমবাগান পুলিশ ফাঁড়ির ইনচার্জ আফজাল হোসেন বলেন, স্থানীয়দের কাছ থেকে গরুচোর সন্দেহে আটকের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। জিজ্ঞাসাবাদে তারা গরুচোর নন বলে নিশ্চিত হওয়া গেছে।

তিনি জানান, তবে মধ্যরাতে ওই এলাকায় অবস্থানের সন্তোষজনক কারণ দেখাতে না পারায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। একই সঙ্গে ব্যবহৃত পিকআপটিও জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, স্থানীয় কয়েকজনের মারধরে আহত রায়হান শেখকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

একই বিভাগের আরও খবর